জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপসহ ১০ জনকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন।
অভিযোগে বলা হয়েছে, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন শামীম ওসমান ও তার অনুসারীরা। তারা নারায়ণগঞ্জ ক্লাবে আন্দোলন দমনের পরিকল্পনা করেন এবং রাইফেলস ক্লাবের অস্ত্র লুট করে শিক্ষার্থীদের ওপর হামলা চালান।
এ ছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনা করে শামীম ওসমান নিজেই অস্ত্র হাতে মাঠে নামেন। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।



