tanaka
প্রচ্ছদজাতীয়এমআইএসটিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রথম রেসপনসিবল এআই সামিট

এমআইএসটিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রথম রেসপনসিবল এআই সামিট

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো রেসপনসিবল এআই সামিট ২০২৬। রাজধানীর মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এ সামিটকে দেশে দায়িত্বশীল ও নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা চর্চার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রোববার (১৮ জানুয়ারি) এ সামিট অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।আইএসপিআর জানায়, সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআইএসটির সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহজাহান মজিব।

প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্পখাতের টেকসই বিকাশ ও কার্যকর নীতিমালা প্রণয়নে দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব ও সম্ভাবনার ওপর আলোকপাত করেন।এ সময় এমআইএসটির কমান্ড্যান্ট বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে দায়িত্বশীল এআই প্রযুক্তি উন্নয়নে এমআইএসটি ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখবে।

সামিটের মূল বক্তব্য উপস্থাপন করেন নর্থইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও হার্ভার্ড ইউনিভার্সিটির বার্কম্যান ক্লেইন সেন্টারের ফেলো ড. উপোল এহসান। হিউম্যান-সেন্টার্ড এক্সপ্লেনেবল এআই (এইচসিএক্সএআই) গবেষণায় আন্তর্জাতিকভাবে সুপরিচিত এই গবেষক ‘দেশে তৈরি, আমদানি নয়: বাংলাদেশে দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক বক্তব্যে দেশের বাস্তবতা ও প্রয়োজন অনুযায়ী দেশীয়ভাবে এআই সমাধান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তার বক্তব্য অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।