tanaka
প্রচ্ছদসারাদেশনারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই খানপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের পর থেকে শিশুদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে চার শিশুর জুতা-স্যান্ডেল পাশাপাশি পড়ে থাকতে দেখেন স্বজনরা। এতে তাদের সন্দেহ হয়।

পরে স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে চার শিশুকে উদ্ধার করেন। উদ্ধার করে দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা চার শিশুকেই মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল বলেন, চার শিশুকেই হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল। দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছিল।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি) সবজেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।