tanaka

নায়ক পলাশ কারাগারে, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়ক মরতুজা পলাশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তাঁর গ্রেপ্তারের কারণে অনিশ্চয়তায় পড়েছে অপু বিশ্বাস...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদননায়ক পলাশ কারাগারে, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’

নায়ক পলাশ কারাগারে, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়ক মরতুজা পলাশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তাঁর গ্রেপ্তারের কারণে অনিশ্চয়তায় পড়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘শিকার’-এর বাকি কাজ।

জানা গেছে, নেপাল থেকে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পলাশকে গ্রেপ্তার করে পুলিশ।

নেপালে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন পলাশ। গত আগস্টে শুরু হওয়া সিনেমাটির ২৫ দিনের বেশি শুটিং শেষে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরে সিনেমাটির পুরো দল। ওই দিনই বিমানবন্দর থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর গ্রেপ্তারের বিষয়টি এত দিন প্রকাশ্যে আসেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হত্যা মামলায় গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্য আসামিদের বিষয়ে পলাশের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পলাশ কারাগারে থাকায় ‘শিকার’ সিনেমার বাকি শুটিং নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। নেপালে সিনেমাটির বেশিরভাগ দৃশ্যের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এখনো কয়েকটি দৃশ্য ও গানের শুটিং বাকি রয়েছে। আগামী অক্টোবরে এসব দৃশ্যের শুটিং করার পরিকল্পনা করেছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। তবে নায়ক কারাগারে থাকায় চূড়ান্ত শিডিউল নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।

নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, নেপালে ‘শিকার’-এর বেশিরভাগ অংশের শুটিং শেষ হয়েছে। অক্টোবরে বাকি কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় এখনো চূড়ান্ত শিডিউল করা যাচ্ছে না। মরতুজা পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, তিনি শিগগিরই মুক্তি পাবেন। তা না হলে অপেক্ষা করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না।

সীমান্তবর্তী এলাকার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে থ্রিলারধর্মী সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটিতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।

রেজা ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান।