tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনাইজেরিয়ায় স্বর্ণখনি ধস, শতাধিক প্রাণহানির আশঙ্কা

নাইজেরিয়ায় স্বর্ণখনি ধস, শতাধিক প্রাণহানির আশঙ্কা

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে ভয়াবহ এক স্বর্ণখনি ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০০ জন শ্রমিক নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, প্রত্যক্ষদর্শী ও খনি থেকে জীবিত ফিরে আসা শ্রমিকদের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকায় স্বর্ণখনিটি ধসে পড়ে। দুর্ঘটনার সময় শত শত শ্রমিক খনির ভেতরে কাজ করছিলেন।

ধসের পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা অভিযান চালান। উদ্ধারকারী দলের সদস্য সানুসি আওয়াল মোবাইল ফোনে রয়টার্সকে জানান, “এ পর্যন্ত আমরা ১৩ জনের মরদেহ উদ্ধার করেছি। এখনও অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।”

ধসে আটকে পড়া শ্রমিক ইসা সানি বলেন, “আমরা যারা বেঁচে ফিরেছি, তারা ভাগ্যবান। এখনও শতাধিক মরদেহ ধ্বংসস্তূপে চাপা রয়েছে।”

রয়টার্স জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে জামফারার খনি শ্রমিক সংগঠনের নেতা মুহাম্মাদু ইসা অভিযোগ করে বলেন, “খনিটিতে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো কার্যকর ব্যবস্থা ছিল না।”