সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা এ প্রজ্ঞাপনে নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ ও পরিশোধের নিয়ম বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। তবে চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নির্ধারিত বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ পাবেন।
তবে নতুন বেতন কাঠামোর আওতা থেকে কয়েকটি শ্রেণির কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও অন্যান্য নিয়োজিত ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে। ফলে তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী বাড়তি বেতন-ভাতার সুবিধা পাবেন না।
যাঁরা নতুন পে স্কেলের আওতায় থাকছেন না
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত ব্যক্তিরা নতুন বেতন আদেশের আওতাভুক্ত নন।
প্রতিরক্ষা সার্ভিস: প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারী ছাড়া প্রতিরক্ষা সার্ভিসে নিয়োজিত কর্মচারীরা এ আদেশের বাইরে থাকবেন।
পুলিশ ও বিজিবি: বাংলাদেশ পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নিয়োজিত কর্মচারীরাও নতুন বেতন কাঠামোর আওতাভুক্ত নন।
রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক: ‘পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন, ২০১৮’-এর ধারা ২-এর দফা (ঘ)-তে সংজ্ঞায়িত শ্রমিকরা এ বেতন আদেশের সুবিধা পাবেন না।
শিক্ষানবিশ ও প্রশিক্ষণার্থী: শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) বা প্রশিক্ষণার্থী (ট্রেইনি) হিসেবে নিয়োজিত ব্যক্তিরা নতুন বেতন কাঠামোর আওতার বাইরে থাকবেন।
আউটসোর্সিং কর্মী: বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত ব্যক্তিরাও এ আদেশের সুবিধা পাবেন না।
দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক: ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫’-এর আওতায় নিয়োজিত শ্রমিকদের ক্ষেত্রেও নতুন বেতন কাঠামো প্রযোজ্য হবে না।
চুক্তিভিত্তিক ও খণ্ডকালীন কর্মী: চুক্তিভিত্তিক অথবা খণ্ডকালীন ভিত্তিতে নিয়োজিত ব্যক্তিরাও ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর আওতাভুক্ত নন।
এদিকে সাধারণ সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন আদেশ জারি হলেও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এবং অন্যান্য সংশ্লিষ্ট শ্রেণির জন্য পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।



