tanaka
প্রচ্ছদজাতীয়জাতীয় বেতনস্কেল ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার

জাতীয় বেতনস্কেল ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এ বেতনস্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। ফলে ১ জুলাই ২০২৬ থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের বেতনও বকেয়া হিসেবে পাবেন সরকারি কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) নতুন বেতনস্কেলের গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, নতুন বেতনস্কেল একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ৯ম গ্রেড ও তদূর্ধ্ব এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতনস্কেলে নির্ধারিত বেতন এবং ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত বা প্রাপ্য বর্তমান বেতনের পার্থক্যের ৪০ শতাংশ ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মচারীদের এবং ৫০ শতাংশ ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের দেওয়া হবে। এ সুবিধা কার্যকর হবে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

এর পরের ধাপে, ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত নতুন বেতনস্কেল অনুযায়ী বেতন পার্থক্যের ৭০ শতাংশ পাবেন ৯ম গ্রেড ও তদূর্ধ্বরা। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন ৭৫ শতাংশ।

সবশেষে ১ জুলাই ২০২৭ থেকে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী বার্ষিক বেতনবৃদ্ধি বা ইনক্রিমেন্টসহ মূল বেতন শতভাগ কার্যকর হবে।

১ জুলাই থেকে গেজেট প্রকাশ পর্যন্ত বেতন বকেয়া

নতুন পে স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও গেজেট প্রকাশ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর। ফলে ১ জুলাই থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের জন্য সরকারি কর্মচারীদের বকেয়া পাওনা তৈরি হবে।

গেজেটে স্পষ্টভাবে বলা হয়েছে, কর্মচারীরা ১ জুলাই ২০২৬ থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের বেতন বকেয়া হিসেবে প্রাপ্য হবেন

তবে ওই সময়ের বকেয়া বেতন পরিশোধের ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করা হয়েছে। ১ জুলাই থেকে গেজেট প্রকাশের আগ পর্যন্ত নতুন বেতনস্কেলের সঙ্গে সমন্বয় করে যে অর্থ পরিশোধ করা হবে, তার সঙ্গে আগে পাওয়া বিশেষ সুবিধার অর্থ সমন্বয় করা হবে।

পেনশনভোগীরাও পাবেন বকেয়া

নতুন পে স্কেলের আওতায় পেনশনভোগীদের জন্যও ধাপে ধাপে বর্ধিত সুবিধা দেওয়ার বিধান রাখা হয়েছে।

গেজেট অনুযায়ী, ২০ হাজার ১ টাকা ও তদূর্ধ্ব বিদ্যমান নিট পেনশনের ক্ষেত্রে নতুন বেতনস্কেল অনুযায়ী নিট পেনশন বৃদ্ধির ৪০ শতাংশ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেওয়া হবে। আর ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিদ্যমান নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির ৫০ শতাংশ দেওয়া হবে।

পরবর্তী ধাপে, অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এ হার যথাক্রমে ৭০ শতাংশ ও ৭৫ শতাংশ করা হবে। এরপর ১ জুলাই ২০২৭ থেকে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী পূর্ণ হারে নিট পেনশন কার্যকর হবে।

অবসরপ্রাপ্ত এবং আজীবন পারিবারিক পেনশনভোগীরাও ১ জুলাই ২০২৬ থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের নিট পেনশন বকেয়া হিসেবে পাবেন।

বিলুপ্ত বিশেষ সুবিধা, হবে সমন্বয়

জাতীয় বেতনস্কেল, ২০২৬ কার্যকর হওয়ার তারিখ থেকেই বিশেষ সুবিধা বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে। ফলে ১ জুলাই ২০২৬ থেকে গেজেট জারির তারিখ পর্যন্ত যেসব কর্মচারী বিশেষ সুবিধা পেয়েছেন, সেই অর্থ নতুন পে স্কেলের আওতায় প্রাপ্য বকেয়া বেতন থেকে সমন্বয় করা হবে।

তবে এ ক্ষেত্রে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীদের জন্য পৃথক বিধান রাখা হয়েছে। ১ জুলাই ২০২৬ তারিখে যারা অবসরোত্তর ছুটিতে ছিলেন, তারা অবসরোত্তর ছুটি শেষ না হওয়া পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে যে হারে বিশেষ সুবিধা পেতেন, সেই হারেই তা পেতে থাকবেন।