প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে মনোনীত করেছে সরকার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মির্জা আব্বাস উদ্দিন আহমেদের মনোনয়ন অনুমোদন করা হয়েছে।
এদিকে, অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন মির্জা আব্বাস। গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।



