বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, “অন্তবর্তীকালীন সরকার গঠিত কমিশনগুলো প্রায় আট মাস পরিশ্রমের পর আজকের এই জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করল।”
মির্জা ফখরুল এ সময় জাতীয় ঐকমত্য কমিশন এবং সকল রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “সমস্ত রাজনৈতিক দল, যারা সংস্কার কমিশনে কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং দীর্ঘদিন পরিশ্রম করে আজকের সনদ তৈরি করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, “আগামিতে আমাদের অনেক কাজ রয়েছে। এটি কেবল যাত্রার শুরু। সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে, যারা এখনো স্বাক্ষর করেননি, আশা করি তারা সামনে স্বাক্ষর করবেন।”
তিনি আরও যোগ করেন, “আমাদের নতুন যাত্রা শুরু হবে, যেখানে রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা পাবে। কোনো অঙ্গ অন্য অঙ্গের ওপর কর্তৃত্ব করবে না। সাংবিধানিক সীমারেখার মধ্যে থেকে ভারসাম্য রক্ষা করে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে, ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় আমরা আছি।”



