tanaka
প্রচ্ছদসারাদেশনওগাঁয় নিজ ঘর থেকে নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁয় নিজ ঘর থেকে নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে মোছা. আলতা বেগম (৪৫) নামে এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের খোদ্দ কালনা উত্তরপাড়া গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আলতা বেগম খাজুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নয়, সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১১ সালে প্রথমবার ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন আলতা বেগম। এরপর ২০১৬ সালের নির্বাচনেও মাত্র পাঁচ ভোটের ব্যবধানে হেরে যান। ওই নির্বাচনের পর থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন বলে স্বজন ও স্থানীয়রা জানান। পরে ২০২১ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ইউপি সদস্য নির্বাচিত হন তিনি।

নির্বাচিত হওয়ার পর স্বাভাবিকভাবেই চলছিল তার জীবন। তবে প্রায় দুই বছর আগে স্বামীর আকস্মিক মৃত্যুর পর আবারও তার মানসিক অবস্থার অবনতি ঘটে বলে পরিবারের সদস্যরা জানান। তাদের দাবি, শুক্রবার সকালে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন বলেন, আলতা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং বেশিরভাগ সময় বিষণ্ণ থাকতেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।