দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিতব্য ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশ নিতে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে আজ রাতে ঢাকা ছাড়ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন এই দলে বিএনপির সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও মিজ্ সাকিলা ফারজানা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মাহবুবুল আলম রয়েছেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর কেপটাউনে অনুষ্ঠিত হবে ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স। এতে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য—‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’। সম্মেলনে এই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা, মতবিনিময় এবং সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হবে।
কনফারেন্স চলাকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের প্রিমিয়ার এলান উইন্ডের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
এ ছাড়া সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের একাধিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গণতান্ত্রিক চর্চাকে আরও সুসংহত করার অভিন্ন লক্ষ্য সামনে রেখে সিপিসির নেতাদের সঙ্গে আয়োজিত একটি সংসদীয় কর্মশালাতেও অংশ নেবেন বাংলাদেশের প্রতিনিধিরা।
সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে আগামী ২০ সেপ্টেম্বর প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।



