tanaka
প্রচ্ছদরাজধানীধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার অর্ণব কারাগারে

ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার অর্ণব কারাগারে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া অর্ণব দাসকে (৩২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাশার আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্ত্রাসবিরোধী আইনে মামলা

পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অর্ণবকে আটক করা হয়। পুলিশের দাবি, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী।

এ ঘটনায় ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক বাবন উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পরে ওই মামলায় অর্ণবকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ত। তারা পরস্পর যোগসাজশে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে মিছিলে সমবেত হন। এর মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করা, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং জনজীবন বিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পুলিশের।

জিজ্ঞাসাবাদের তথ্য যাচাই করছে পুলিশ

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম অর্ণবকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্ণব ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন। তার কাছ থেকে পাওয়া তথ্য ও দেওয়া নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। মামলার তদন্তও চলমান রয়েছে।

পুলিশের দাবি, অর্ণব জামিনে মুক্তি পেলে পালিয়ে যেতে পারেন এবং পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

মিছিলে শতাধিক মানুষের সমাগমের দাবি

পুলিশ আরও জানিয়েছে, অর্ণবসহ ১০০ থেকে ১৫০ জনের বেশি মানুষ সাদা হায়েস মাইক্রোবাসে করে মিছিলের উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিলেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন অর্ণবের জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে অর্ণবকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানির সময় তাকে আদালতের এজলাসে হাজির করা হয়নি; তিনি হাজতখানাতেই ছিলেন।

Files