ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব শেখ ফজলুল করিম সেলিম পালন করবেন বলে জানিয়েছেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার মতে, শেখ সেলিম বর্তমানে আওয়ামী লীগের সবচেয়ে জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য। সে কারণে তার অনুপস্থিতিতে দলীয় সভাপতির দায়িত্ব পালনের জন্য শেখ সেলিমই সবচেয়ে উপযুক্ত। একই সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন বলেও জানান তিনি।
দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকারের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় শেখ হাসিনা দেশে ফেরার ইচ্ছা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, দেশে ফেরার আগ্রহ তার রয়েছে। তবে ফিরে গেলে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। তার দাবি, দেশে ফেরার পর বিমানবন্দরেও তাকে হত্যা করা হতে পারে।
দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। তার ভাষ্য, এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের জীবনই ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই কাউকে দেশে ফেরার নির্দেশ দিয়ে বিপদের মুখে ঠেলে দিতে চান না তিনি।
বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সমর্থন এবং তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নয়াদিল্লির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা।
ভবিষ্যৎ আঞ্চলিক সম্পর্কের বিষয়ে শেখ হাসিনা বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার করা প্রয়োজন। সামরিক জোটের পরিবর্তে আঞ্চলিক সহযোগিতা, পারস্পরিক স্বার্থ এবং সমন্বয়ের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া উচিত।



