চলতি বছরের জুন মাসের প্রথম ছয় দিনে দেশে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার ৩৮৮ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। ফলে দৈনিক গড়ে দেশে এক হাজার ৩৯৮ কোটি টাকারও বেশি রেমিট্যান্স প্রবাহিত হয়েছে।
রোববার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, জুনের প্রথম ছয় দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি ৪১ কোটি ৪৪ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৯০ লাখ ৭০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ডলার।
এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে দেশে এসেছে ২৩ লাখ ৯০ হাজার ডলার।
ব্যাংকভিত্তিক হিসাবে এ সময়ে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ১২ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার।
এরপর রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যার মাধ্যমে এসেছে ১২ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ডলার। তৃতীয় অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ১৩ লাখ ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ২৮ লাখ ৬০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, জুনের প্রথম ছয় দিনে দেশি-বিদেশি মোট ১১টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে ছয়টি বিদেশি ব্যাংক।
রেমিট্যান্স না পাওয়া ব্যাংকগুলো হলো— বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, সিটি ব্যাংক এনএ, হাবিব ব্যাংক, উরি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।



