দেশে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় আজ মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্পটি অনুভূত হয়।
ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এছাড়া ভারতের হাওড়া শহর থেকে এর দূরত্ব ছিল প্রায় ৩৬ কিলোমিটার পূর্বে।
ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় এখানে মাঝেমধ্যে স্বল্প মাত্রার ভূমিকম্প ঘটে থাকে।
ভূমিকম্পে সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো স্থাপনার ক্ষতি কিংবা প্রাণহানির তথ্যও মেলেনি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারি ৩ মাত্রার এবং ২৫ জানুয়ারি ৩.৪ মাত্রার আরও দুটি ভূমিকম্প দেশে অনুভূত হয়েছিল।



