tanaka
প্রচ্ছদজাতীয়দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি সচিব

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি সচিব

দেশে বর্তমানে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সর্বশেষ তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩০ জন।

খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন বেশি। পরবর্তী সংশোধন শেষে এতে আরও ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন যুক্ত হওয়ায় চূড়ান্তভাবে নতুন ভোটার বেড়েছে মোট ৪৭ লাখ ৮ হাজার ৮৫৮ জন।

এর আগে ১০ আগস্ট প্রকাশিত খসড়া তালিকায় প্রায় ৪৬ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত ছিল। দাবি-আপত্তি নিষ্পত্তির পর আজ প্রকাশিত হলো চূড়ান্ত তালিকা।

ইসি সচিব আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। আর এর আগে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তারাও ভোটার তালিকায় যুক্ত হবেন। ফলে ভোটের আগে আরও এক দফা তালিকা হালনাগাদ হবে।