তারেক রহমানের দেশে ফেরায় কোনো আইনগত বাধা আছে বলে সরকারের জানা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, যদি কোনো ধরনের আইনগত জটিলতা থেকেও থাকে, তবে সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার প্রস্তুত।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আসিফ নজরুল। তিনি আরও বলেন, দেশে ফেরার উপযুক্ত সময় নির্ধারণের ক্ষমতা তারেক রহমানের নিজেরই রয়েছে। তিনি বিশ্বাস করেন, উপযুক্ত সময়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন।
আইন উপদেষ্টা আরও বলেন, “অনেকে নানা প্রশ্ন তোলেন—তিনি কেন আসছেন না? আমার কাছে এসব প্রশ্ন তোলা অরুচিকর মনে হয়। এটি মা-ছেলের সম্পর্ক। খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কি না কিংবা ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো চিন্তা আছে কি না—এসব বিষয়ে আগাম মন্তব্য করা বা অনুমান করা শোভন নয়। কখন কী সিদ্ধান্ত নিতে হবে, তা ওনারাই সবচেয়ে ভালো বোঝেন।”
উল্লেখ্য, ওয়ান-ইলেভেনের পর ২০০৮ সালে কারামুক্ত হয়ে যুক্তরাজ্যে যান তারেক রহমান। তখন থেকেই তিনি সেখান থেকেই দল পরিচালনা করে আসছেন এবং আর দেশে ফেরেননি।



