আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, যেখানে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় রয়েছে। আগামী ২৫ আগস্টের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
ভবিষ্যৎ বৃষ্টিপাতের সম্ভাবনা:
- শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টায়: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
- শনিবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টায়: ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
- রোববার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টায়: রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।



