আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশটির চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে নেপালের প্রধানমন্ত্রী দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে লেখা একটি চিঠি হস্তান্তর করেন। এ সময় তিনি অনুদানের বিষয়টিও নেপালের রাষ্ট্রদূতকে অবহিত করেন।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন।
এদিকে, নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদও শোক প্রস্তাব গ্রহণ করে।



