tanaka
প্রচ্ছদজাতীয়দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক-শেয়ারবাজার

দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক-শেয়ারবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটির সমন্বয় করতে আগামী ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১১ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, ১৭ অক্টোবর সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সরকারি ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে।

ব্যাংক বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সরাসরি সম্পৃক্ত হওয়ায় এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তবে পূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।