tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকদিল্লিতে বিক্ষোভের স্থান পরিবর্তন, তালিকা থেকে বাদ যন্তর-মন্তর

দিল্লিতে বিক্ষোভের স্থান পরিবর্তন, তালিকা থেকে বাদ যন্তর-মন্তর

  1. ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি আয়োজনের নির্ধারিত স্থানের তালিকা থেকে যন্তর-মন্তরকে বাদ দিয়েছে কর্তৃপক্ষ। এর পরিবর্তে নতুন তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে—রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার এ বিষয়ে আদেশ জারি করেছেন।

    এতদিন মধ্য দিল্লির উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় অবস্থিত যন্তর-মন্তর বিভিন্ন বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

    ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মধ্য দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালনের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত সামনে এসেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যেই তারা এ কর্মসূচি পালন করছে।

    পুলিশের আদেশে বলা হয়েছে, কমিটির সুপারিশের ভিত্তিতে যন্তর-মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে রাখার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। পাশাপাশি নতুন তিনটি স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের জন্য পৃথক মানসম্মত কার্যপদ্ধতি (এসওপি) জারি করা হবে।

    এ সিদ্ধান্তের সমালোচনা করতে পারে বিরোধী দলগুলো। তাদের আশঙ্কা, বিক্ষোভের স্থান পরিবর্তনের উদ্যোগকে গণতান্ত্রিক প্রতিবাদ সীমিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হতে পারে।

    অন্যদিকে, যন্তর-মন্তরে বিক্ষোভ বন্ধ হলে মধ্য দিল্লির যানজট কমতে পারে। এলাকাটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনের কাছাকাছি হওয়ায় সেখানে কর্মসূচির কারণে প্রায়ই সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটত।

    সূত্র: এনডিটিভি