ঈদুল ফিতরের বাকি আর মাত্র চার-পাঁচদিন। ঈদ সামনে রেখে প্রয়োজনীয় বাজার সারছেন ভোক্তারা। তবে কিছু পণ্যের দাম ক্রেতাদের অস্বস্তিতে ফেলেছে। বিশেষত, তিন ধরনের বাদাম ও আলুবোখারার বাজার এখন বেশ চড়া। অন্যদিকে, আগে থেকেই দামে আগুন লেগে থাকা মসলাজাতীয় পণ্যেও স্বস্তি ফেরেনি।
বিক্রেতারা বলছেন, ঈদ এলে বাদাম ও মসলা পণ্যের চাহিদা বাড়ে, সঙ্গে বাড়ে দামও। এবার মসলা পণ্যের মধ্যে সেমাই রান্নায় প্রয়োজনীয় বাদাম ও পোলাওয়ে ব্যবহার করা আলুবোখরার দাম যেটুকু বেড়েছে সেটিকে তারা ‘অস্বাভাবিক’ বলছেন।রাজধানীর রামপুরা ও মালিবাগ এলাকার বাজার ও মহল্লার বেশ কিছু দোকান ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, কিছুদিন আগে প্রতি কেজি কাঠবাদাম ১২০০ থেকে ১৩০০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন কেজিপ্রতি ২০০ টাকা বেড়ে ১৪০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ১২০০ টাকা কেজির কাজুবাদাম এখন বিক্রি হচ্ছে ১৪০০ টাকায়। মাত্র এক মাসের ব্যবধানে এই পণ্যগুলোর দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।মাসখানেক আগেও এক কেজি চিনাবাদামের দাম ছিল ১৮০ টাকা। কেজিপ্রতি ৪০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ২২০ টাকায়। একইভাবে মানভেদে ১৭০০ থেকে ২৪০০ টাকায় বিক্রি হওয়া পেস্তা বাদামের কেজি এখন ২৬০০ থেকে ৩৮০০ টাকা।



