tanaka
প্রচ্ছদরাজধানীদক্ষিণখানে অস্ত্র-গুলিসহ ৪ জন গ্রেফতার

দক্ষিণখানে অস্ত্র-গুলিসহ ৪ জন গ্রেফতার

রাজধানীর দক্ষিণখান এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সাজু মজুমদার (২৮), অন্তর রহমান ওরফে অনু (২২), পারভেজ (২২) এবং বাবু ওরফে সেন্টু (২৫)।

পুলিশ জানায়, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দক্ষিণখানের মুক্তিযোদ্ধা রোডের আজমপুর এলাকায় এক ব্যক্তির পথ আটকে কয়েকজন সন্ত্রাসী চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি মামলা করা হয়।

মামলার তদন্তে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা নেয়। এসব তথ্যের ভিত্তিতে প্রথমে ময়মনসিংহের ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে সাজু মজুমদারকে গ্রেফতার করা হয়। পরে জামালপুরের ইসলামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অন্তর রহমান ওরফে অনু এবং পারভেজকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে দক্ষিণ আজমপুর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিনসহ বাবু ওরফে সেন্টুকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার চারজনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।