ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলমান বাকযুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। মেলোনিকে উদ্দেশ করে ট্রাম্প আবারও কটাক্ষ করে বলেছেন, ইতালির এই নেত্রী একসময় তার ‘বড় ভক্ত’ ছিলেন।
সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত G7 Summit–কে কেন্দ্র করে দুই নেতার মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়। ট্রাম্প দাবি করেন, সম্মেলনের সময় মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান ইতালির প্রধানমন্ত্রী।
পাল্টাপাল্টি বক্তব্যের ধারাবাহিকতায় এনবিসি নিউজের সাংবাদিক গ্যাব গুতিয়ারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নতুন করে মেলোনিকে আক্রমণ করেন। তিনি বলেন, “তিনি আমার বড় ভক্ত ছিলেন। কিন্তু এখন আর তাকে ভক্ত হিসেবে চাই না।” ট্রাম্পের অভিযোগ, হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটো জোটের অবস্থানের সঙ্গে মেলোনি ও ইতালি যথাযথভাবে একাত্মতা প্রকাশ করেনি।
এর আগে ইতালীয় সংবাদমাধ্যম ‘লা সেভেন’ জানায়, ট্রাম্প দাবি করেছিলেন যে মেলোনি তার সঙ্গে একটি ছবি তোলার জন্য “খুবই ব্যাকুল” ছিলেন। এমনকি তিনি মন্তব্য করেন, “আমি হয়তো ছবিটি তুলতাম না, কিন্তু তার জন্য আমার করুণা হয়েছিল।”
মার্কিন প্রেসিডেন্টের এসব মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মেলোনি। শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি কিংবা ইতালি—কেউ কখনো কারও কাছে অনুনয়-বিনয় করে না।” ভিডিওটির ক্যাপশনেও একই বার্তা স্পষ্টভাবে তুলে ধরেন তিনি।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।



