আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের ব্যানারে না গিয়ে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।
দলীয় সূত্র জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।
এর আগে ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তরে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল এনসিপি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উত্তরে আদীবের পরিবর্তে আসিফ মাহমুদ এবং দক্ষিণে আসিফের পরিবর্তে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করা হচ্ছে।
দলীয় সূত্রের দাবি, প্রার্থী চূড়ান্ত করার আগে পরিচালিত অভ্যন্তরীণ সমীক্ষায় ঢাকা উত্তর ও দক্ষিণ—দুই সিটিতেই আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করা হলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে উঠে এসেছে।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে নিজেদের ভোটার এলাকাও পরিবর্তন করেছেন তারা। আসিফ মাহমুদ উত্তর সিটি করপোরেশনের আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী উত্তর সিটি থেকে দক্ষিণ সিটি করপোরেশনের ঢাকা-৮ এলাকার ভোটার হয়েছেন।
এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে পৃথকভাবে অংশ নিলেও রাজনৈতিকভাবে ১১ দলীয় ঐক্য অটুট থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। স্থানীয় নির্বাচনে শরিক দলগুলোর মধ্যে সমন্বয়ও থাকবে, যাতে তারা পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় না জড়ায়।
এ বিষয়ে এনসিপির নীতিনির্ধারণী ফোরামের সদস্য ও মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার মানবজমিনকে বলেন, ‘স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি। এককভাবেই প্রার্থী ঘোষণা করা হবে।’



