কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি পৃথক ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। হাসানপুর স্টেশনের কাছে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার পাশাপাশি গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় উভয় লাইনে রেল যোগাযোগ স্থবির হয়ে পড়েছে।
বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম জংশন স্টেশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন হাসানপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় বিকল হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস বিকল্প লাইন দিয়ে চলাচলের সময় হাসানপুর ও গুণবতী স্টেশনের মধ্যবর্তী এলাকায় লাইনচ্যুত হয়।
এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটের উভয় লাইন বন্ধ হয়ে যায়। ফলে এই গুরুত্বপূর্ণ রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে স্থগিত রয়েছে।
ওমর ফারুক বলেন, বিকল ইঞ্জিন সরিয়ে নিতে বিকল্প ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয়েছে। সেটি পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল চালু করা হবে।
নাঙ্গলকোট স্টেশনের স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করার পর হাসানপুর স্টেশনের কাছাকাছি এসে আপ লাইনে ইঞ্জিন বিকলের কারণে আটকা পড়ে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন এবং মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হবে।



