ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে, কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী। হঠাৎ কম্পনে আতঙ্কিত হয়ে অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন।
আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এর মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। দেশের বিভিন্ন জেলা—চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল ও মৌলভীবাজার থেকেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকার বিভিন্ন এলাকায় ভূমিকম্প শুরু হতেই অনেকে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন মানুষকে আতঙ্কিত করে তোলে।
পার্শ্ববর্তী দেশ ভারতেও ভূমিকম্পটি অনুভূত হয়। এনডিটিভির খবরে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের অঞ্চলে কম্পন টের পাওয়া যায়। বরিশাল থেকে রাজীব আহমেদ জানান, ভূমিকম্পের সময় তিনি একতলায় একটি দোকানে ছিলেন এবং তখন আশেপাশের সবকিছু কেঁপে উঠছিল।



