সরকারকে ‘জুলাই সনদ’ মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন। তা না হলে দেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে ও গুলি খেয়ে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়, তা শিখে নিয়েছে।’
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না। দুঃখের সঙ্গে বলতে হয়, যারা এখন সরকার গঠন করেছেন, তারাও একসময় মজলুম ছিলেন। কিন্তু তারা তা ভুলে গেছেন। তারা আবারও ফ্যাসিবাদী পথেই হাঁটতে শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া ও নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে দুর্নীতিকে জাতীয়করণ করার চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এটা মেনে নেব না। হাসিনাকে তাড়িয়েছি। আপনারা যদি ফ্যাসিবাদ কায়েম করেন, জনগণ আপনাদেরও তাড়াবে। আপনাদেরও ছেড়ে কথা বলবে না।’
গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘সারা বাংলাদেশ ঘুরে আমরা দেখেছি, মানুষের একটাই দাবি—গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণ আমাদের বলেছে, সরকারি দল ও বিরোধী দল—আপনারা হ্যাঁ ভোট দিতে বলেছেন, আমরা হ্যাঁ ভোটে বিজয় এনে দিয়েছি। এখন সেই হ্যাঁ ভোটের বাস্তবায়ন দেখতে চাই। কোনো টালবাহানা আমরা মেনে নেব না।’
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, ‘আমরা আমাদের শহীদদের সঙ্গে বেঈমানি করব না, জুলাইযোদ্ধাদের সঙ্গে বেঈমানি করব না। ১৮ কোটি মানুষের সঙ্গেও বেঈমানি করব না। জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখব, ইনশাআল্লাহ।’
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের আগামী দিনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ঢাকার জন্য ডাক আসবে। ঘরে ঘরে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। মুক্তির মঞ্জিলে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।’
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আয়োজিত এ বিভাগীয় সমাবেশে ১১ দলের শীর্ষপর্যায়ের অন্যান্য নেতারাও বক্তব্য দেন।



