tanaka
প্রচ্ছদজাতীয়ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল

ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল

ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবে। এই সফরের নেতৃত্বে থাকবেন পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক সাব-কমিটির চেয়ারম্যান মুনির সাতৌরি।

সফরকালে প্রতিনিধি দলটি সরকারের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে বৈঠক করবে। কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রতিনিধিদলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে।

এছাড়া প্রতিনিধিদলটি কক্সবাজার সফর করবে এবং সেখানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসজুড়ে ব্রাসেলস থেকে বাংলাদেশে একাধিক সফর অনুষ্ঠিত হচ্ছে। এসব সফরে অভিবাসন ব্যবস্থাপনা, মানবাধিকার, সম্ভাব্য নির্বাচন পর্যবেক্ষণ এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। ঢাকা ও ব্রাসেলস উভয়ই গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা প্রত্যাশা করছে।

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক সাব-কমিটি মানবাধিকার রক্ষা, প্রচার ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই কমিটি ইইউর বৈদেশিক নীতিতে মানবাধিকারকে একটি মূল উপাদান হিসেবে বিবেচনা করে। বিশেষ করে শরণার্থী সুরক্ষা, অভিবাসন এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে মানবাধিকার নিশ্চিত করাই এদের মূল লক্ষ্য।

এছাড়া সাব-কমিটি সিভিল সোসাইটি, মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে, তথ্য সংগ্রহ করে এবং প্রয়োজনীয় উন্নয়ন ও পদক্ষেপ নিতে কার্যকর ভূমিকা রাখে।

সম্প্রতি ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে বাংলাদেশ-ইইউ সম্পর্ক নিয়ে একটি ‘সমন্বিত পর্যালোচনা’ অনুষ্ঠিত হয়।