দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। একই সময়ে সারা দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১৫৩ জন।
এদিকে জনস্বাস্থ্যবিদ ও কীটতত্ত্ববিদরা সতর্ক করে বলেছেন, বর্ষার তীব্রতা ও অনুকূল আবহাওয়ার কারণে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে। তাই এখনই মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সরকারি তথ্য বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে যত মানুষের মৃত্যু হয়েছিল, জুলাই মাসের মাত্র ৩০ দিনেই সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে আগামী মাসগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।



