tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিডিজেলের মূল্যবৃদ্ধিতে কনটেইনার হ্যান্ডলিং চার্জ বাড়ল ৯.৮৫ শতাংশ

ডিজেলের মূল্যবৃদ্ধিতে কনটেইনার হ্যান্ডলিং চার্জ বাড়ল ৯.৮৫ শতাংশ

ডিজেলের দাম বাড়ানোর পর দেশের বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) কনটেইনার হ্যান্ডলিং ও পরিবহন-সংশ্লিষ্ট বিভিন্ন সেবার চার্জ বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমদানি, রপ্তানি ও খালি কনটেইনার হ্যান্ডলিং এবং পরিবহন সেবায় ৯ দশমিক ৮৫ শতাংশ সারচার্জ যুক্ত হবে। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকেই সংশোধিত এ হার কার্যকর হয়েছে।

সোমবার জারি করা এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা)। সংগঠনটির মহাসচিব রুহুল আমিন সিকদার সার্কুলারে স্বাক্ষর করেন।

এর আগে একই দিন ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। এতে জ্বালানি তেলটির দাম এক ধাক্কায় ১৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

বিকডা জানিয়েছে, বেসরকারি আইসিডিগুলোতে জ্বালানিনির্ভর বিভিন্ন কার্যক্রম পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ায় সংশোধিত হারে সারচার্জ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম বন্দর ও আইসিডির মধ্যে এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) থেকে আইসিডিতে খালি কনটেইনার পরিবহন সেবায় ৯ দশমিক ৮৫ শতাংশ সারচার্জ যুক্ত হবে। একই হারে খালি কনটেইনারের লিফট-অন ও লিফট-অফ সেবার চার্জও বাড়বে।

রপ্তানি পণ্য স্টাফিং ও হ্যান্ডলিং প্যাকেজের ক্ষেত্রেও এ সারচার্জ কার্যকর হবে। এর আওতায় রয়েছে খালি ইয়ার্ড থেকে কনটেইনার তোলা, কনটেইনার ফ্রেইট স্টেশন (সিএফএস) শেডে নেওয়া, রপ্তানি পণ্য স্টাফিং, বোঝাই কনটেইনার লোড ইয়ার্ডে স্থানান্তর এবং পরবর্তী সময়ে চট্টগ্রাম বন্দর বা পিসিটিতে পাঠানোর কার্যক্রম।

এ ছাড়া রপ্তানি পণ্যবোঝাই কনটেইনারের ওজন পরিমাপ বা ভেরিফায়েড গ্রস মাস (ভিজিএম) সেবার চার্জও ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়বে। এ সেবার আওতায় বোঝাই কনটেইনার লোড ইয়ার্ডে নেওয়া, ওজন স্কেলে পরিবহন, ওজন নির্ধারণ এবং পরে তা আবার লোড ইয়ার্ডে ফিরিয়ে এনে নামানোর কার্যক্রম রয়েছে।

আমদানি পণ্য ডেলিভারি প্যাকেজেও একই হারে সারচার্জ আরোপ করা হবে। এই প্যাকেজের আওতায় চট্টগ্রাম বন্দর বা পিসিটি থেকে আমদানিকৃত বোঝাই কনটেইনার আইসিডিতে নেওয়া, কনটেইনার নামানো, আমদানি ডেলিভারি ইয়ার্ডে রাখা এবং শ্রমিকদের মাধ্যমে কনটেইনার থেকে পণ্য ট্রাকে তুলে দেওয়ার মতো কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

বিকডা পৃথক আইসিডিগুলোকে সংশোধিত হারে ৯ দশমিক ৮৫ শতাংশ সারচার্জ বৃদ্ধির বিষয়টি তাদের গ্রাহকদের জানাতে নির্দেশ দিয়েছে।

জ্বালানির দাম বাড়ার ফলে পরিবহন ও লজিস্টিকস খাতে ব্যয় বৃদ্ধির চাপ তৈরি হওয়ার মধ্যেই কনটেইনার হ্যান্ডলিং ও সংশ্লিষ্ট সেবার এই অতিরিক্ত সারচার্জ আরোপ করা হলো। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের পরিবহন ও পণ্য হ্যান্ডলিং ব্যয় আরও বাড়তে পারে।