tanaka
প্রচ্ছদজাতীয়জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

জ্বালানির দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে পরিবহন মালিকরা। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে প্রস্তাব জমা দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে সংস্থাটির সঙ্গে পরিবহনসংশ্লিষ্টদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন জানান, পরিবহন মালিকদের পক্ষ থেকে আন্তঃজেলা ও নগর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, আন্তঃজেলা বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার কথা বলা হয়েছে। একইভাবে নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আহমেদ খোকন বলেন, ‘জ্বালানির দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১ পয়সা বাড়ানোর প্রস্তাব আমরা দিয়েছি। সে হিসাবে জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়ায় কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।’

তিনি জানান, পরিবহন মালিকদের প্রস্তাবটি বিআরটিএর কাছে দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিআরটিএ প্রস্তাবটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে।

তবে এরই মধ্যে কিছু পরিবহন মালিক যাত্রীপ্রতি সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছেন—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে আহমেদ খোকন বলেন, বাসভাড়া বাড়ানোর বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

এর আগে রোববার সরকার চার ধরনের প্রধান জ্বালানি পণ্যের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। নতুন দাম ওই রাত থেকেই কার্যকর হয়।

সর্বশেষ গত ২৩ এপ্রিল ডিজেলের দাম বাড়ার পর সরকার বাসভাড়া পুনর্নির্ধারণ করেছিল। সে সময় আন্তঃজেলা ও মহানগর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়।

তখন আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাসভাড়া নির্ধারণ করা হয় কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা। আর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন এলাকায় মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয় কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা।