রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের কর্মকাণ্ড ও চলাফেরার ওপর নজরদারি বাড়িয়েছে পুলিশ সদর দপ্তর। ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
কামারুম মুনিরা জানান, নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। সংগঠনটির ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এ ছাড়া থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন পুলিশ সদস্যদের কর্মকাণ্ড ও গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুলিশ সদর দপ্তর।



