কিশোরগঞ্জের ভৈরবে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় নাজমুল (২৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরমান্দার কান্দি গ্রামের রাজু মিয়ার ছেলে। তিনি বিবাহিত, তার স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে। ২০২৪ সালের ৪ অক্টোবর তিনি টাঙ্গাইল জেলার গোড়াই হাইওয়ে থানা থেকে বদলি হয়ে ভৈরব থানায় যোগ দেন।
জানা গেছে, ওই রাতেই ভৈরব হাইওয়ে থানার এএসআই বিল্লাল হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে জরুরি রাত্রীকালীন ডিউটিতে ছিলেন নাজমুল। তারা কালিকাপ্রসাদ বাজারের দক্ষিণ পাশে মহাসড়কের ভৈরবগামী লেনে একটি ট্রাকচালকের সঙ্গে কথা বলছিলেন।
এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক পেছন থেকে পুলিশ সদস্যদের ব্যবহৃত পিকআপ ভ্যানের ডান পাশে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি সড়কের পাশে পড়ে যায় এবং ধাক্কায় নাজমুল গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান জানান, কর্তব্যরত অবস্থায় একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় নাজমুল গুরুতর আহত হয়ে মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



