চীন যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানিতে আগ্রহী বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।
শুক্রবার (১৫ মে) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার দাম ব্যারেলপ্রতি ১ ডলার ১৭ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৬ ডলার ৮৯ সেন্টে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ ডলার ১০ সেন্ট বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০২ ডলার ২৭ সেন্টে পৌঁছেছে।
বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের মন্তব্যের পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজে হামলা ও জাহাজ আটক নিয়ে চলমান উত্তেজনাও তেলের দামে প্রভাব ফেলছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি।
যদিও ইরান জানিয়েছে, বৃহস্পতিবার হরমুজ প্রণালি দিয়ে প্রায় ৩০টি জাহাজ স্বাভাবিকভাবে চলাচল করেছে, তারপরও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ অব্যাহত রয়েছে।



