দিনাজপুরের ঘোড়াঘাটে পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার জমিলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী মোছা. সম্পা বেগম (৩৫) ও তার মেয়ে নুসাইফা আক্তার (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পা বেগম, তার মেয়ে নুসাইফা আক্তার ও মেয়েটির বাবা মোটরসাইকেলে করে ঘোড়াঘাটের বাগানবাড়ী এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হন নুসাইফার বাবা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



