বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। একই সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
মির্জা ফখরুলের বিজয়ের পর বিভিন্ন অঙ্গনের ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন। সেই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান মনির খান। নিজের স্ট্যাটাসে মির্জা ফখরুলের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেন এই সংগীতশিল্পী।
স্ট্যাটাসে মনির খান লেখেন, “১৯৯১ সালের পর আজ ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”
এবারের রাষ্ট্রপতি নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে আলাদা গুরুত্ব বহন করছে। ১৯৯১ সালের পর এই প্রথম একাধিক প্রার্থীর অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এর আগে বেশ কয়েক দফা রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত হয়েছিল।
বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরু হয়। টানা বিকেল ৫টা পর্যন্ত ভোট দেন সংসদ সদস্যরা। সাদা কাগজে কালো কালিতে মুদ্রিত ব্যালট পেপার ব্যবহার করে ভোট নেওয়া হয়। সংসদ অধিবেশন কক্ষে স্থাপন করা তিনটি নির্ধারিত ব্যালটবাক্সে ভোট গ্রহণ করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার ছিলেন। এর মধ্যে ৩৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।



