রাজধানীতে টানা বৃষ্টির প্রভাবে মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের নিচে এখনও হাঁটুপানি জমে রয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে আবারও বৃষ্টি হওয়ায় জমে থাকা পানি কমার পরিবর্তে আরও বেড়েছে। এতে মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে মিরপুর থেকে মতিঝিলগামী লেনের বাম পাশের এলাকায় জলাবদ্ধতা বেশি দেখা গেছে। স্টেশনে প্রবেশ ও বের হওয়ার সময় যাত্রীদের হাঁটুপানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। নারী, শিশু, বয়স্ক এবং অফিসগামীদের ভোগান্তি সবচেয়ে বেশি।
জলাবদ্ধতার কারণে শুধু পথচারীরাই নন, রিকশা ও বাস চলাচলেও বিঘ্ন ঘটছে। অনেক যাত্রী পানি জমে থাকার কারণে রিকশা বা বাসে উঠতে পারছেন না। ফলে মেট্রোরেল থেকে নেমেও গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
মিরপুরের বাসিন্দা সুমাইয়া আক্তার বলেন, “মেট্রোরেল থেকে নেমে হাঁটুপানি পেরিয়ে যেতে হচ্ছে। ছোট বাচ্চাকে নিয়ে চলাফেরা খুবই কষ্টকর।”
অফিসগামী রাকিব হাসান বলেন, “মেট্রোরেলে দ্রুত গন্তব্যে পৌঁছানো গেলেও স্টেশনের নিচে এমন জলাবদ্ধতা থাকলে সেই সুবিধার অনেকটাই নষ্ট হয়ে যায়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা উচিত।”
আরেক যাত্রী মো. সোহেল বলেন, “রিকশা পাওয়া যাচ্ছে না, বাসেও ওঠা যাচ্ছে না। প্রতিদিন একই সমস্যায় পড়তে হচ্ছে।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরেই এ সমস্যা চলছে, কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে না।
দ্রুত পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।



