ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। টানা দুই দিনের দরপতনের পর বৃহস্পতিবার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (২১ মে) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৮৩ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৭ সেন্ট বা ০.৯৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯.২৩ ডলারে লেনদেন হয়।
বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে যুদ্ধবিরতির অনিশ্চয়তা এখনও কাটেনি। ফলে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ায় বৈশ্বিক বাজারে সরবরাহ সংকটের উদ্বেগ আরও তীব্র হয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস্পষ্ট করে জানিয়েছেন, কোনো চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনা করা হবে না। হোয়াইট হাউসের এমন কঠোর অবস্থান ইরান ইস্যুতে চলমান কূটনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
ট্রাম্প আরও বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি তাড়াহুড়া করতে চান না। প্রয়োজন হলে আরও কয়েক দিন, এমনকি তার চেয়েও বেশি সময় অপেক্ষা করতেও তিনি প্রস্তুত আছেন।



