আর্থিক সংকটে মাস্টার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে তিনি শিক্ষার্থীর ভর্তি-সংক্রান্ত সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন।
জানা গেছে, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের একটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ এপ্রিল) ছিল ভর্তি কার্যক্রমের শেষ দিন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে।
বিষয়টি জানতে পেরে নাছির উদ্দিন শাওন শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেন। তার সমস্যার কথা শুনে তিনি দ্রুত ভর্তি ও ফরম পূরণের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে দেন।
ওই শিক্ষার্থী জানান, পারিবারিক অসচ্ছলতার কারণে তিনি ভর্তি হতে পারছিলেন না এবং শেষ দিনে এসে দুশ্চিন্তায় পড়েন। পরে এক সিনিয়রের মাধ্যমে বিষয়টি শাওনকে জানালে তিনি তাৎক্ষণিক সহায়তা দেন।
এ বিষয়ে নাছির উদ্দিন শাওন বলেন, একজন শিক্ষার্থীর সংকটে পাশে দাঁড়ানো কোনো কৃতিত্ব নয়, বরং এটি দায়িত্ব। আর্থিক কারণে কারও শিক্ষাজীবন থেমে যাক—এটি মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, ভবিষ্যতে সামর্থ্য অনুযায়ী সরকারের সহযোগিতা নিয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। তার মতে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি শিক্ষার্থীবান্ধব ও মানবিক ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।



