বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ইউট্যাব আয়োজিত ‘২৪ জুলাই গণঅভ্যুত্থান : তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “ওই দলের কিছু দাবি-দাওয়া রয়েছে। তারা বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের কথা বলেছে। কিন্তু সংবিধান অনুযায়ী এ ধরনের আদেশ জারির এখতিয়ার সরকারের নয়, এটি কেবল রাষ্ট্রপতির।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব দেওয়া একটি আবেগপ্রবণ পদক্ষেপ। সরকার কেবল প্রজ্ঞাপন জারি করতে পারে—রাষ্ট্র আবেগের ওপর চলে না। তবু প্রস্তাবটি বিএনপি স্বাগত জানায়।”
জাতীয় স্বার্থে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তর্ক-বিতর্ক থাকবে, তবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “গণভোটের প্রস্তাব বিএনপিই দিয়েছে। নির্বাচনের দিনই জুলাই সনদের পক্ষে-বিপক্ষে ভোট নেওয়ার কথা বলা হয়েছে। দুটি দল ছাড়া প্রায় সবাই এ প্রস্তাবে একমত।”
তিনি জানান, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের পর তা বাস্তবায়নের জন্য জনগণের মতামত নেওয়া হবে। তবে সরকার সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার রাখে না।
অন্তবর্তী সরকারকে উদ্দেশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “ভবিষ্যতে যাতে কোনো প্রশ্ন না ওঠে বা আদালতে যেতে না হয়, সে জন্য এখনই কোনো কাগুজে আদেশ জারি করা উচিত নয়। জনগণ রায় দিলে প্রজ্ঞাপন খুব একটা গুরুত্ব বহন করে না।”
অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “সংস্কারের পাশাপাশি আমাদের মানসিক সংস্কারও দরকার। মানসিক পরিবর্তন ছাড়া প্রকৃত সংস্কার সম্ভব নয়।”



