tanaka

বাস-মিনিবাসের ভাড়া বাড়ল, কার্যকর ২২ সেপ্টেম্বর থেকে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩...
প্রচ্ছদজাতীয়জুলাই যোদ্ধাদের ওপর হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার প্রতিফলন

জুলাই যোদ্ধাদের ওপর হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার প্রতিফলন

জুলাই সনদের আইনি বৈধতাসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির মতে, জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীদারদের বাদ দিয়ে কিছু রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সনদে স্বাক্ষর করা জুলাইয়ের ছাত্র-জনতার সঙ্গে চরম প্রতারণা।

শুক্রবার (১৭ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই প্রতিক্রিয়া জানান।

এর আগে বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বিবৃতিতে বলা হয়, “অত্যন্ত উদ্বেগের বিষয়, সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে আইনি বৈধতাসহ যৌক্তিক দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালানো হয়। এতে চব্বিশের জুলাই যোদ্ধা আতিকুল গাজীসহ ২৭ জন গুরুতর আহত হন। একই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এক সদস্যের অসদাচরণের অভিযোগও উঠেছে।”

বিবৃতিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে

ছাত্র নেতারা বলেন, “২৪-এর জুলাইয়ের রক্তক্ষয়ী অভ্যুত্থানে সহস্রাধিক শহীদ ও আহত যোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি ফ্যাসিবাদমুক্ত একটি নতুন বাংলাদেশ। সেই রক্তের বিনিময়েই আজকের বহুল আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কারের দলিল—‘জুলাই সনদ’। অথচ এই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বেই জুলাইয়ের যোদ্ধাদের ওপর হামলা কেবল নিন্দনীয় নয়, বরং এটি জুলাইয়ের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতারই প্রতিফলন।”

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও ছাত্র প্রতিনিধিদের উপস্থিতি যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। সংগঠনটির দাবি, জাতীয় ঐক্যের নামে জুলাই আন্দোলনের মূল অংশীদারদের উপেক্ষা করে কিছু তথাকথিত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সনদ স্বাক্ষরের কার্যক্রম সম্পন্ন করা জুলাইয়ের ছাত্র-জনতার সঙ্গে চরম প্রতারণা

শেষে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলে, “শহীদ পরিবার, আহত যোদ্ধা, ছাত্র প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বসে জুলাই সনদের আইনি বৈধতা ও ‘নোট অব ডিসেন্ট’-সংক্রান্ত সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধান অবিলম্বে নিশ্চিত করতে হবে।”