tanaka
প্রচ্ছদআদালতজুলাই বিপ্লবকে ‘তথাকথিত’ বলে বিচারের আদেশ পুনর্বিবেচনা চান ইনু

জুলাই বিপ্লবকে ‘তথাকথিত’ বলে বিচারের আদেশ পুনর্বিবেচনা চান ইনু

জুলাই–আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তাঁর আইনজীবীর মাধ্যমে করা ওই আবেদনে জুলাই বিপ্লবকে ‘সো-কল্ড’ (তথাকথিত) বলে উল্লেখ করা হয়েছে। তবে প্রসিকিউশন বলছে, এ ধরনের মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল।

আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হয়। ট্রাইব্যুনালের অন্য সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আবেদনটি কার্যতালিকায় থাকলেও ইনুর কোনো আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত হননি। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আবেদনটি নিয়ে শুনানি করেন। তিনি রিভিউ আবেদনের বেশ কিছু দিক তুলে ধরে বলেন, ট্রাইব্যুনাল ইতোমধ্যেই ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। কিন্তু সেই আদেশ পুনর্বিবেচনার আবেদনে বলা হয়েছে, বর্তমান সরকারের আইন প্রণয়নের ক্ষমতা নেই। অথচ সরকার গঠিত হয়েছে জনগণের আকাঙ্ক্ষা—অর্থাৎ জুলাই বিপ্লবের মাধ্যমে। আবেদনে জুলাই বিপ্লবকে ‘সো-কল্ড’ বলে আখ্যা দেওয়া হয়েছে এবং আরও বলা হয়েছে সরকার নাকি সবাইকে ইনডেমনিটি দিচ্ছে। কিন্তু বাস্তবে কাউকেই দায়মুক্তি দেওয়া হয়নি। প্রসিকিউটরের মতে, এসব বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। তবে এ বিষয়ে ট্রাইব্যুনাল কোনো আদেশ দেয়নি।

এই মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩০ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। গত ২ নভেম্বর ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন— অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।