আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার ইসির উপ-সচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়, যা জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং ২৬ জুন বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী গেজেটে ভোটকেন্দ্র তালিকা প্রকাশ করতে হবে নির্বাচনের অন্তত ২৫ দিন আগে।
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী:
- খসড়া ভোটকেন্দ্র তালিকা প্রকাশ: ১০ সেপ্টেম্বর
- দাবি/আপত্তি গ্রহণের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর
- দাবি/আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ: ১২ অক্টোবর
- চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা প্রকাশ: ২০ অক্টোবর
জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি খসড়া ও চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা (সফটকপিসহ) নির্ধারিত ছকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।



