tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়জাতি এক মহান অভিভাবককে হারাল: প্রধান উপদেষ্টা

জাতি এক মহান অভিভাবককে হারাল: প্রধান উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি গভীর শোক ও সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আজ পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

তিনি বলেন, এই শোকাবহ মুহূর্তে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে তিনি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেন, যেন সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করা হয়।

ড. ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক মহিমান্বিত ও অনন্য ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে দিশা দেখিয়েছে এবং গণতান্ত্রিক মুক্তির প্রেরণা যুগিয়েছে।

তিনি আরও বলেন, দেশ ও জাতির প্রতি তার উজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণমুখী নেতৃত্ব এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল ভূমিকা কখনো বিস্মৃত হওয়ার নয়। এমন একজন দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা সহজে পূরণ হবার নয়।

শোকের এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কেউ যেন এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এই সময়ে দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে ড. মুহাম্মদ ইউনূস জানান, তার নামাজে জানাজার দিন একদিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। জানাজাসহ সব ধরনের শোক পালনকালে শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি সবার প্রতি বিনীত আহ্বান জানান।

শেষে তিনি বলেন, শোকের এই আবেগঘন সময়ে সবাই ধৈর্যের পরিচয় দেবেন এবং জানাজাসহ সব আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সহযোগিতা করবেন—এই প্রত্যাশা তিনি রাখেন। মহান আল্লাহ তায়ালা যেন সবাইকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন।