জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশের’ অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
গতকাল সিলেটে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য ও সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
জ্বালানি খাতের সংকট নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কীভাবে ‘সাইকোপ্যাথিক দুর্নীতি’ করা যায়, তা এনার্জি সেক্টর দেখলেই বোঝা যায়। তবে বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
‘মক্কা চুক্তি’ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের এ চুক্তিতে যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। কারণ, বর্তমানে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনায় যেখানে বাংলাদেশের যাওয়া প্রয়োজন, সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশকে বোয়িং কিনতে কেউ চাপিয়ে দিচ্ছে না। দেশের চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বোয়িং কেনা হতে পারে।
এদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শিগগিরই টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হতে পারে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সিলেট-ইস্তাম্বুল রুটে সরাসরি ফ্লাইট চালু হলে বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াতকারী যাত্রীরা সুবিধা পাবেন। বিশেষ করে ইস্তাম্বুল হয়ে বিভিন্ন গন্তব্যে ট্রানজিট যাত্রার ক্ষেত্রে সিলেটের যাত্রীরা বাড়তি সুবিধা ভোগ করতে পারবেন।
মতবিনিময়কালে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



