জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের কাছে তিনি এ ঘোষণা দেন।
মাফরুহী সাত্তার বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, বিভিন্ন অনিয়ম হয়েছে। অনেক অভিযোগ উঠেছে। আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল। তবুও আমি পদত্যাগ করছি। এখন পদত্যাগ না করলে পরে যদি অনিয়মের কথা বলি, তখন প্রশ্ন উঠবে কেন আগে পদত্যাগ করিনি।”
ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, জাকসুর ভোট গণনা ম্যানুয়েল পদ্ধতিতে চলছে। ইতোমধ্যে পোলিং অফিসার বৃদ্ধি করা হয়েছে এবং রাতের মধ্যেই ফলাফল ঘোষণার চেষ্টা চলছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টারও বেশি সময় পার হলেও নির্বাচন কমিশন এখনও ফলাফল ঘোষণা করতে পারেনি।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে।



