tanaka
প্রচ্ছদসারাদেশজবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সদস্য সচিব শামসুল আরেফীন ও যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন অর্থনীতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২১ ব্যাচ) শিক্ষার্থী মাদুদ এবং লোক প্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯ ব্যাচ) শিক্ষার্থী ইমন। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্য, ক্যাম্পাসের বাইরে ভিক্টোরিয়া পার্কে একটি চায়ের দোকানের পাশ থেকে প্রথমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে সংঘর্ষ ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজনকে রড ও পাইপ হাতে নিয়ে হামলা করতে দেখা যায়।

তবে সংঘর্ষের নেপথ্যে কী কারণ ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, কোন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডেকে আনা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। সংঘর্ষে গুরুতরভাবে কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি; সামান্য আঘাত পাওয়ার ঘটনা থাকতে পারে।