tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনজন্মদিনে মেয়েকে কাছে না পেয়ে আবেগঘন ইমরান, বললেন ‘একটু বেশিই কষ্ট লাগছে’

জন্মদিনে মেয়েকে কাছে না পেয়ে আবেগঘন ইমরান, বললেন ‘একটু বেশিই কষ্ট লাগছে’

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের জন্মদিন ছিল শনিবার (৫ সেপ্টেম্বর)। তবে কনসার্ট ট্যুরের কারণে এবার পরিবার ও ছোট মেয়ে ইনায়াকে পাশে না পেয়েই যুক্তরাষ্ট্রে জন্মদিন কাটিয়েছেন তিনি। বিশেষ দিনে মেয়েকে কাছে না পাওয়ার কষ্টের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টে জানিয়েছেন এই গায়ক।

কাজের প্রয়োজনে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইমরান। জন্মদিনে পরিবার থেকে দূরে থাকার অনুভূতি তুলে ধরে তিনি জানান, সন্তানকে ছেড়ে দূরে থাকা একজন বাবার জন্য সহজ নয়। বিশেষ করে নিজের ছোট মেয়েকে কাছে না পাওয়ার কষ্ট তার কাছে আরও বেশি।

তবে প্রবাসে থেকেও ভক্ত-শ্রোতা, সহকর্মী ও প্রবাসীদের ভালোবাসায় জন্মদিনটি বিশেষ হয়ে উঠেছে বলে জানান ইমরান। জন্মদিনে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে আয়োজিত ‘ফোবানা’ কনভেনশনে গান পরিবেশন করেন তিনি। পরদিন লস অ্যাঞ্জেলেসেও ফোবানার আরেকটি অনুষ্ঠানে তার গান পরিবেশনের কথা রয়েছে।

জন্মদিনের অনুষ্ঠান ও প্রবাসে কাটানো অনুভূতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ইমরান তার ব্যান্ড ‘কিংস’-এর সদস্যদের পাশাপাশি সংগীতশিল্পী কণা, অভিনেতা জায়েদ খান, সুরকার ইমন সাহা, নির্মাতা এসএ অলক এবং ‘ফোবানা’র আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

পরিবার থেকে দূরে থাকলেও প্রবাসে তিনি নতুন এক পরিবারের ভালোবাসা পেয়েছেন বলেও উল্লেখ করেন এই সংগীতশিল্পী।

দেশের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্মদিনের শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ইমরান লেখেন, ‘শোর প্রচণ্ড ব্যস্ততা আর চাপের মাঝেও সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। হয়তো সবার মেসেজের উত্তর একসঙ্গে দিতে পারছি না, কিন্তু প্রতিটি ভালোবাসা আমার কাছে পৌঁছেছে।’

পরিবার ছাড়া জন্মদিন কাটানোর অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘পরিবার থেকে দূরে থেকে জন্মদিন কাটানোটা সহজ নয়। বিশেষ করে আমার ছোট্ট মেয়ে ইনায়াকে ছেড়ে আজ এত দূরে বসে থাকতে একটু বেশিই কষ্ট লাগছে। তবে আপনাদের ভালোবাসা, সারপ্রাইজ আর শুভকামনা সেই কষ্টটা অনেকটাই ভুলিয়ে দিয়েছে।’

ইমরান আরও জানান, নিজের মেয়েকে পাওয়ার সঙ্গে তার জন্মদিনের একটি বিশেষ স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই দিনটি তার কাছে বরাবরই বিশেষ। তবে সেই বিশেষ দিনে মেয়েকে কাছে না পাওয়ার কষ্টও এবার তাকে বেশ অনুভব করতে হয়েছে।