বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে দুই দেশের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আমদানি-রপ্তানিকারকদের উদ্দেশে মনোজ কুমার বলেন, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, ‘আপনারা উভয় দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার জন্য দারুণ কাজ করছেন। আমি আশা করি, ভবিষ্যতেও আমরা এই কাজ চালিয়ে যাব এবং অবশ্যই সব ধরনের সহায়তা দেব। আমি বাংলাদেশের জনগণের পাশে থাকব এবং সম্পর্ক উন্নত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব।’
এর আগে ভারতীয় সহকারী হাইকমিশনার হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে হিলি ডাকবাংলোয় বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
সভায় বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মন্ডল, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, হাকিমপুর থানার ওসি জাকির হোসেনসহ বন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।



